ঝিনাইদহে আরেক ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে অপহূত কলেজছাত্র সাহেদুর রহমানের (১৭) লাশ গতকাল বুধবার উদ্ধার করেছে পুলিশ। নয় দিন আগে শহরের চাকলাপাড়া এলাকার নিজ বাড়ির সামনে থেকে সে অপহূত হয়। পরে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।এর আগে ছয় লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১২ ডিসেম্বর অপহূত হয় তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্রাবণী। পরে ১৬ ডিসেম্বর তার লাশ উদ্ধার করা হয়। সাহেদুর রহমান সাবেক পৌরসচিব শেখ আবদুল কাদেরের ছেলে। সে ঝিনাইদহ ভোকেশনালের প্রথম বর্ষের ছাত্র ছিল। আবদুল কাদের জানান, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মুঠোফোনে টাকা ভরতে সাহেদুর বাসা থেকে বের হয়। পরে রাত ১১টার দিকে একটি মুঠোফোন থেকে তাঁর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি এই টাকা দেওয়ার ক্ষমতা রাখেন না বলে জানান। পরদিন ১৪ ডিসেম্বর আবারও ফোন করে ১০ লাখ কমিয়ে ২০ লাখ টাকা দাবি করা হয়। এই টাকাও তিনি দেওয়ার ক্ষমতা রাখেন না বলে জানান। এরপর অপহরণকারীরা তাঁকে জানিয়ে দেন, ছেলেকে আর পাবেন না। আবদুল কাদের আরও জানান, কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরই মুঠোফোনটি বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে তাঁরা সাহেদুরকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশও তাকে উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত তাঁর ছেলের লাশই পাওয়া গেল।প্রতিবেশীরা জানান, গতকাল সন্ধ্যায় সাহেদুরের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি নির্মাণাধীন বাড়ির পাশে ছেলেরা খেলা করছিল। এ সময় তারা গন্ধ পায়। পরে তারা দেখতে পায়, বালুর মধ্য থেকে একটি হাত বাইরে বের হয়ে আছে। তা দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, তাঁর ধারণা, যেদিন রাতে সাহেদুর নিখোঁজ হয়েছে, সেদিনই তাকে হত্যা করা হয়েছে। তবে তার বাবার কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছেন। নিহত সাহেদুরের বাবার লিখিত অভিযোগটি তাঁরা মামলা হিসেবে গ্রহণ করেছেন।