ঝিনাইদহে এক রাস্তায় একই সঙ্গে দুই প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজিইডি রাস্তাটি পাকা করছে। ঠিকাদার কাজও শুরু করেছেন। সেই রাস্তাতেই মাটি ফেলার কাজ করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের নিযুক্ত ঠিকাদার। এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রয়োজন ছাড়াই চলছে মাটির কাজ। এটি অর্থ আত্মসাতের ফন্দি ছাড়া কিছুই নয়।

রাস্তাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার। কালীগঞ্জ শহরের পাইকপাড়া এলাকা থেকে খয়েরতলা হয়ে বারোপাখিয়া মসজিদ পর্যন্ত এ রাস্তার দৈর্ঘ্য দুই কিলোমিটারের বেশি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) খাতায় এটি ‘খয়েরতলা (আরএইচডি) বারোপাখিয়া মসজিদ রোড’।

এলজিইডি সূত্র বলছে, রাস্তাটির শুরু এবং শেষাংশে মোট ৩০০ মিটার ইট বিছানো রয়েছে। বাকিটুকু কাঁচা। এলজিইডি ২০১৬-১৭ অর্থবছরে রাস্তাটি পাকাকরণের সিদ্ধান্ত নেয়। এ জন্য পল্লী অবকাঠামো উন্নয়ন (আরআইডি) প্রকল্প থেকে ৫২৪ মিটারের জন্য ২৮ লাখ ৩২ হাজার টাকা আর বৃহত্তর যশোর উন্নয়ন (জিজেডি) প্রকল্প থেকে ১ কিলোমিটার ও ৭০০ মিটারের জন্য ১ কোটি ৪ লাখ ৬৮ হাজার ২৬০ টাকা বরাদ্দ করা হয়। রাস্তাটিতে মাটির কাজের জন্য এলজিইডি বরাদ্দ রেখেছে ৭ লাখ টাকা।

এলজিইডির কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা মনোয়ার হোসেন জানান, গত বছরের ২৩ নভেম্বর জিজেডি প্রকল্পের আওতায় দরপত্র গ্রহণ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ঠিকাদার নির্বাচন করে কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার কথা আগামী ২৮ নভেম্বর। কাজটি পেয়েছেন হারুন-অর রশীদ (মধু) নামের এক ঠিকাদার। অন্যদিকে আরআইডি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয় গত ৫ জুন। ২২ জুন দরপত্র গ্রহণ করা হয়েছে। তবে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি।

এলজিইডি কর্তৃপক্ষবলছে, রাস্তাটি তাদের আওতাধীন। ওই রাস্তায় অন্য কোনো দপ্তর কাজ করতে চাইলে অবশ্যই এলজিইডির সঙ্গে পরামর্শ করার প্রয়োজন ছিল। তা না করেই কেন পিআইওর দপ্তর পৃথক প্রকল্পের মাধ্যমে মাটি ফেলছে, তা তাদের কাছে বোধগম্য নয়।

এলজিইডির আওতায় রাস্তাটি পাকাকরণের কাজ গত ৩ ফেব্রুয়ারি উদ্বোধন করেন সরকারদলীয় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম (আনার)। প্রথম অংশের ১ কিলোমিটার ও ৭০০ মিটার রাস্তার কাজ ঠিকাদার হারুন-অর রশীদ ইতিমধ্যে শুরুও করেছেন।

ঠিকাদার বলেন, তিনি এখন রাস্তাটির দুই ধারের পুকুরের পাড় বাঁধার কাজ করছেন। কয়েক দিনের মধ্যে গোটা রাস্তা খুঁড়ে বেড তৈরি করে বালু ফেলা হবে। তারপর খোয়া ফেলা হলে পিচ ঢালাইয়ের মূল কাজ শুরু হবে। এই অবস্থায় অন্য ঠিকাদার মাটির কাজ করায় তাঁর কাজের ক্ষেত্রে সমস্যা বাড়বে।

বারোপাখিয়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে রাস্তা খুঁড়তে হবে, সেই রাস্তায় মাটি ফেলার কাজ হচ্ছে। কাজ হচ্ছে আবার নামেই। বাস্তবে রাস্তার ওপর মাটি ছিটানো আর চাঁচাছোলার কাজ চলছে। এখানে মূল উদ্দেশ্য আসলে অর্থ আত্মসাৎ করা।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, বারোপাখিয়া প্রধান রাস্তা থেকে নজরুলের বাড়ি পর্যন্ত মাটির কাজের জন্য কাবিটার আওতায় ১১ লাখ ১২ হাজার ৯১২ টাকাবিশেষ বরাদ্দ করা হয়েছে। এই কাজের ঠিকাদার ইদ্রিস আলী। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ইদ্রিস আলী ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

ঠিকাদার ইদ্রিস আলী বলেন, একসঙ্গে দুটি বরাদ্দ চলে আসায় সমস্যা বেধেছে। তিনি ঈদের কয়েক দিন আগে থেকে কাজটি শুরু করেছেন। রাস্তাটি পরবর্তী সময়ে পাকা হলে তাঁর ফেলা মাটি তখন কাজে লাগবে বলে দাবি করেন তিনি। কিন্তু পাকা করতে গেলে মাটি খুঁড়ে ফেলতে হবে, সেখানে এই মাটির কাজ কী জানতে চাইলে ঠিকাদার সদুত্তর দিতে পারেননি। ইদ্রিস আলী শুধু এটুকু বলেন, টাকা ফেরত চলে যাবে বিধায় তিনি কাজ করছেন।

উপজেলা পিআইও মো. আরিফুল হাসান বলেন, ওই রাস্তা পরিদর্শনে গিয়ে তিনি জানতে পারেন, সেটি পাকাও হচ্ছে। তাঁদের নিযুক্ত ঠিকাদার মাটির কাজ করলে পাকাকরণের সঙ্গে যুক্ত ঠিকাদারের লাভ হবে বলে তিনিও দাবি করেন। কিন্তু এলজিইডিও মাটির কাজের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ রেখেছে—বিষয়টি উল্লেখ করা হলে পিআইও বলেন, প্রয়োজনে তাঁরা অন্য রাস্তায় ওই টাকার কাজ করে দেবেন। ঠিকাদারের বিল উঠলেও টাকা এখনো তাঁদের আয়ত্তে আছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছাদেকুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি খোঁজখবর নিয়ে দেখবেন, কীভাবে এটার সমাধান করা যায়।