ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে সোমবার দুপুরে বোরো ধানের খেতে পানি দেওয়া নিয়ে বিরোধে রওশন আলী খাঁ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ সময় আশরাফুল ইসলাম ও সোহাগ হোসেন নামের আরও দুজন আহত হন।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার সকালে ভড়ুয়াপাড়া গ্রামের মাঠে বোরো খেতে পানি দেওয়া নিয়ে ঝিনাইদহের কাঞ্চনপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে ভড়ুয়াপাড়া গ্রামের রওশন আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১২টার দিকে রওশন আলী ও তাঁর চাচাতো ভাইদের মাঠে ফেলে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হন রওশন আলী, আশরাফুল ইসলাম ও সোহাগ হোসেন। পরে তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে রওশন আলী মারা যান।ঝিনাইদহ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা ফিরোজা কুলসুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বেলা দুইটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।