ঝিনাইদহে একজনকে ফাঁসাতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের জেরে আগ্নেয়াস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে এক ব্যক্তি নিজেই র‌্যাবের হাতে ধরা পড়েছেন। তাঁর নাম কেরামত আলী (৪৫)। বাড়ি ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর গ্রামে। গত বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সূত্র জানিয়েছে, উপজেলার হুদাকুশাবাড়িয়া গ্রামের নাজমুল হোসেন সন্ত্রাসী এবং তাঁর বাড়ির পাশে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। কেরামত আলী ও আক্তার হোসেন নামের দুই ব্যক্তি র‌্যাবকে এ তথ্য জানান। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাইপগান, একটি গুলি, একটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। কিন্তু কথাবার্তায় সন্দেহ হলে খবরদাতা কেরামতকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি স্বীকার করেন, পারিবারিক বিরোধের জেরে ব্যবসায়ী নাজমুলকে ফাঁসাতে তিনি ওই কাজ করেন। আক্তার হোসেন আগেই সটকে পড়েন।পরে র‌্যাব কেরামতকে শৈলকুপা থানায় সোপর্দ করে। এ ঘটনায় মামলা হয়েছে।