ঝিনাইদহে একুশের বইমেলায় হামলা
জয় বাংলা স্লোগান দিতে দিতে এসে একুশের বইমেলায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। ভেঙে ফেলা হয়েছে অনুষ্ঠানে ব্যবহূত মাইকের যন্ত্রপাতি আর দর্শক সারির চেয়ার-টেবিল। গতকাল শুক্রবার রাত পৌনে আটটায় ঝিনাইদহ পুরোনো ডিসি কোর্ট চত্বরে ঘটনাটি ঘটেছে।
হামলাকারীরা ক্ষমতাসীন দলের লোকজন বলে জানিয়েছেন মেলার আয়োজকেরা। তাঁরা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন। তবে আওয়ামী লীগ বলছে, জয় বাংলা স্লোগান দিয়ে কেউ একুশের মেলায় হামলা করতে পারে না। এ ঘটনা খুবই দুঃখজনক।
প্রত্যক্ষদর্শী এক সংস্কৃতিকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকে বইমেলা শুরু হয়েছে। আট দিন চলবে। বিকেলে আলোচনা সভা শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে তখন বাচ্চারা গান গাইছিল। এমন সময় মঞ্চের পশ্চিম দিক থেকে শতাধিক ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চের কাছে চলে আসেন। কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর শুরু করেন তাঁরা। মঞ্চ লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। মঞ্চের সামনে দর্শক সারিতে থাকা প্রশাসনের কর্মকর্তাদের স্ত্রী, ছেলে ও মেয়েরা এ সময় ছুটে পালান। ঘটনার পর পর মেলার মাঠ ফাঁকা হয়ে যায়। মুহূর্তের মধ্যে দোকানিরা দোকান বন্ধ করে দেন।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান দাবি করেন, এ-জাতীয় হামলার ঘটনা তাঁর জানা নেই। যাঁরা এ ঘটনা ঘটাতে পারেন, তাঁরা আওয়ামী লীগের কর্মী হতে পারেন না।
এ ঘটনার আগে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের অপসারণের দাবিতে আজ শনিবার শহরের পায়রা চত্বরে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।