ঝিনাইদহে কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আবদুল মজিদ (৪৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আবদুল মজিদ উপজেলার নাকোল গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসীর অনেকে জানান, আবদুল মজিদ গতকাল বুধবার বিকেল চারটার দিকে ভাটই বাজারে একটি কাঠের আড়তে পাওনা টাকা চাওয়ার জন্য যান। টাকা চাওয়াকে কেন্দ্র করে আড়তের মালিক আক্কেল আলী মোল্লার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আড়তের মালিক ও তাঁর লোকজন লাঠিসোঁটা দিয়ে আবদুল মজিদকে পিটিয়ে আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।