ঝিনাইদহে গৃহবধূ ও কুষ্টিয়ায় তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার দিবাগত রাতে এক গৃহবধূকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার কুমারখালীতে শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক তরুণকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শৈলকুপায় খুন হওয়া গৃহবধূর নাম নাসরিন সুলতানা (২৭)। তিনি উপজেলার নাথপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী। এ ঘটনায় শৈলকুপা থানায় নাসরিনের বাবা বজলুর রহমান গত শুক্রবার হত্যা মামলা করেছেন। স্থানীয় লোকজন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুমারখালী উপজেলার আনন্দনগর গ্রামের তুরাপ মণ্ডলের ছেলে হোসেন মণ্ডল মামা আব্বাস আলী জোয়াদ্দারের নাথপাড়ার গ্রামের বাড়িতে থাকত। আব্বাস জোয়াদ্দার চাকরি নিয়ে ঢাকায় থাকেন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে হোসেন মণ্ডল মামি নাসরিনের ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে হোসেন মণ্ডল পলাতক। শৈলকুপা থানার ওসি শাহীদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মামা মেজবার রহমান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাগনে তুহিন আলীকে (২৬) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তুহিন কুষ্টিয়া সদর উপজেলার নতুন বোয়ালদহ গ্রামের শহিদ মোল্লার ছেলে। এ ঘটনায় শহিদ মোল্লা শুক্রবার রাতে কুমারখালী থানায় মেজবার রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। কুমারখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।