ঝিনাইদহে চরমপন্থী খুন
ঝিনাইদহ সদর উপজেলায় গত বৃহস্পতিবার এক চরমপন্থী খুন হয়েছেন। একই দিন সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: সদর উপজেলার চুলকানি গ্রামের ইয়াকুব্বার হোসেনের ছেলে চরমপন্থী আবু সাঈদ (২৫) বৃহস্পতিবার রাত নয়টার দিকে পার্শ্ববর্তী আটুলিয়া বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একটি ফোন পেয়ে তিনি বাজারের পাশে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত একটার দিকে কান্তা গ্রামে একটি খালের ধারে তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, তাঁদের ধারণা, প্রতিপক্ষের সন্ত্রাসীরা সাঈদকে বাজার থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ক্যাডার এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কুতুরদিয়া এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় আবদুর রহমান (৫০) নামের এক ব্যক্তির লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আবদুর রহমানের ভাই খোকন শেখ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আলফাডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।