ঝিনাইদহে চরমপন্থীকে গুলি করে হত্যা
ঝিনাইদহে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য লিটন হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে।লিটন সদর উপজেলার কাশিমপুর গ্রামের আবু বক্কারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, জেলার সদর উপজেলার দুর্গাপুর গ্রামের রাস্তার পাশের একটি মেহগনিবাগানে গতকাল সোমবার সকালে এলাকাবাসী একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এলাকাবাসী লাশটি লিটন হোসেনের বলে শনাক্ত করেন। লিটন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য ছিলেন বলে ওসি জানান। নিহত ব্যক্তির গলায় ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। তাঁর স্ত্রী নার্গিস আক্তার জানান, গত শনিবার বাড়ি থেকে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি।অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে লিটনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পুলিশ জানায়, লিটনের বিরুদ্ধে সদর থানা ও কোটচাঁদপুর থানায় একাধিক হত্যাসহ চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।