ঝিনাইদহে চারটি পানের বরজে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জের বলরামপুর গ্রামে গতকাল বুধবার চার কৃষকের দুই বিঘা জমির পানের বরজে অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল দুপুরে বলরামপুর গ্রামের মাঠে বুদ্ধিস্বর বিশ্বাসের পানের বরজে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তেই তা পাশের ইসারত আলী, আবদুস সবুর ও বিশ্বজিৎ বিশ্বাসের খেতে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয় দুই বিঘা জমির পান।
বুদ্ধিস্বর বিশ্বাস বলেন, ধারদেনা করে প্রায় এক বিঘা জমিতে পানের বরজ করেছিলেন। এখন তাঁর সব শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না।