ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় গত রোববার আরাফাত হোসেন (৯) নামের এক ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ উপজেলার কাঁঠালিয়ার সুন্দরপুর গ্রামের বাসিন্দা সাকিল আহমঞ্চদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরাফাত পৌরসভার থানাপাড়ার বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী নূর হোসেনের একমাত্র সন্তান। সে পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার শিশু একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্র। তার ক্রমিক নম্বর ২। গ্রেপ্তার হওয়া সাকিল নূর হোসেনের ওষুধের দোকানের কর্মচারী।আরাফাতদের প্রতিবেশী আবদুর রহিম বলেন, রোববার বিদ্যালয়ে আরাফাতের দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তাকে বাসায় পৌঁছানোর জন্য সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যান দোকান কর্মচারী সাকিল। কিন্তু আরাফাতকে নিয়ে তিনি বাড়ি যাননি। বেলা সাড়ে ১১টার দিকে সাকিল দোকানে আসেন।আবদুর রহিম বলেন, আরাফাতের ব্যাপারে জানতে সাকিলকে চাপ দিলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এ সময় সাকিল তাঁদের জানান, নূর হোসেনের ওপর রাগ করে তিনি আরাফাতকে স্কুল থেকে পাশের হেলাই গ্রামের আখখেতে নিয়ে যান। তাঁর ইচ্ছা ছিল, আরাফাতকে আটকে রেখে নূর হোসেনের কাছে টাকা আদায় করা। কিন্তু আরাফাতের কান্নাকাটির কারণে তাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে লাশ ঢেকে রেখে দোকানে চলে আসেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে সাকিলকে আটক করে আখখেত থেকে শিশু আরা-ফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি বলেন, সাকিলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন আরাফাতের মামা মো. আবু সাঈদ। প্রাথমিকভাবে সাকিল স্বীকার করেছেন, নূর হোসেনের ওপর রাগ করে আরাফাতকে খুন করেছেন। অন্য কোনো ঘটনা আছে কি না, পুলিশ তদন্ত করে দেখছে।আরাফাতের বাবা নূর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাকিল ঘটনার দিন দোকানে আসেননি। দোকানে বেশ কয়েকজন কর্মচারী আছেন। মাঝেমধ্যে ছেলেকে আনতে তাঁদের পাঠাতেন। রোববার সাকিলকে তিনি পাঠাননি। সাকিল এ ঘটনা ঘটাবে বলে নিজেই যান।