ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেছেন, এখানে জঙ্গিদের কোনো আস্তানা নেই। শহরের সোনালীপাড়ায় একটি মেসে গুলশান হামলায় জড়িত নিবরাস ইসলাম ও শোলাকিয়ার হামলায় আবির রহমান অবস্থান করেছিলেন এমন খবরও পুলিশের কাছে নেই।
গতকাল রোববার রাত আটটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলতাফ হোসেন এসব কথা বলেন। ঝিনাইদহের দুটি হত্যার ঘটনায় শিবিরের দুজনের দায় স্বীকার করার কথা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অথচ ঝিনাইদহ শহরের সোনালীপাড়ায় চার কক্ষের একটি ঘর ভাড়া নিয়ে গুলশান হামলায় জড়িত জঙ্গি নিবরাস ইসলাম এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলায় জড়িত জঙ্গি আবির রহমান যে অবস্থান করেছিলেন, সেটা বাড়ির মালিকের স্ত্রী, স্থানীয় লোকজনই শনাক্ত করেছেন। এসব জঙ্গির ছবি দেখেই তাঁরা বিষয়টি নিশ্চিত করেন এবং তা দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
বাড়ির মালিক সাবেক সেনাসদস্য কওছার আলীর স্ত্রী বিলকিস নাহার গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মাস চারেক আগে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে নিবরাসসহ আটজন ওই বাড়িতে ভাড়ায় ওঠেন। নিবরাস নিজের নাম সাঈদ বলে জানিয়েছিলেন। তিনি বলেন, আটজনের মধ্যে ছয়জন রমজান মাসের শুরুতে এবং বাকি দুজন ২৮ জুন (গুলশান হামলার দুই দিন আগে) চলে যান।
বিলকিস আরও বলেন, র্যাবের একটি দল ৬ জুলাই ভোরে অভিযান চালিয়ে তাঁর স্বামী কওছার আলী, তাঁর কলেজ পড়ুয়া দুই ছেলে এবং বাড়ির পাশের মসজিদের ইমাম মো. রোকনুজ্জামান ও সহকারী ইমাম সাব্বির হোসেনকে আটক করে নিয়ে গেছে। অবশ্য ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন গতকালের ব্রিফিংয়ে বলেছেন, সোনালীপাড়ার ওই বাড়ি থেকে কাউকে আটক করা হয়েছে এমন তথ্য পুলিশ জানে না। তিনি বলেন, সাম্প্রতিক কালে ঝিনাইদহে আলোচিত যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো ছাত্রশিবির করেছে। যারা এসব হত্যায় জঙ্গিরা জড়িত বলছে, তারা আসলে শিবিরকে বাঁচাতে চায়।
পুলিশ সুপার বলেন, শিয়া মতাবলম্বী হোমিও চিকিৎসক আবদুর রাজ্জাক ও মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে হত্যায় জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে আবদুর রাজ্জাক হত্যা মামলায় শিবিরের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি সবুজ খান (২১) ও শ্যামানন্দ হত্যা মামলায় গ্রেপ্তার শিবিরের ঝিনাইদহ শহর দক্ষিণাঞ্চলের সাবেক সভাপতি শাহীন আলম (২২) গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শাহীনের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে আর সবুজ খানের বাড়ি সদর উপজেলার হরিপুর গ্রামে।
চলতি বছরের ১৪ মার্চ রাতে কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই মামলায় ঘটনার পরপরই শফি উদ্দিন ও জনি নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা কারাগারে আছেন।
পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, পুলিশ অনুসন্ধান করে উদ্ধার করতে সক্ষম হয়েছে আবদুর রাজ্জাক হত্যার সঙ্গে কারা জড়িত। শনিবার সকালে সদর উপজেলার মহারাজপুর থেকে সবুজ খানকে গ্রেপ্তার করা হয়। সবুজ খান আদালতে দোষ স্বীকার করে বলেছেন, শিবিরের কেন্দ্রের নির্দেশে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটান। এতে তাঁরা বেশ কয়েকজন জড়িত।
পুলিশ সুপার আরও বলেন, শিবিরের নেতা শাহীন আলম জবানবন্দিতে বলেছেন, শিবিরের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ১ জুলাই তাঁরা সেবায়েত শ্যামানন্দ দাসকে হত্যা করেছেন। তাঁরা একটি মোটরসাইকেলে করে শহর থেকে গিয়ে ওই খুনটি করেন।
এ ছাড়া চলতি বছরের ৭ জুন খুন হন সদর উপজেলার করাতিপাড়ার পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী। সেই মামলায় শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। এনামুল হক নামের ঝিনাইদহ পৌর এলাকার ওয়ার্ড পর্যায়ের এই নেতা গত ২১ জুন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সে কথাও তখন পুলিশ সুপার প্রেস ব্রিফিং করে জানিয়েছিলেন।