ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান স্থগিত
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে চালানো র্যাবের অভিযান স্থগিত করা হয়েছে। বুধবার সকালে আবারও অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহম্মেদ।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। চুয়াডাঙ্গা গ্রামের সেলিম হোসেন ও প্রান্ত নামের দুই ব্যক্তির বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে এ অভিযান চালিয়েছে র্যাব। অভিযানকালে ওই দুই আস্তানার ৫টি স্পট থেকে ২টি সুইসাইড ভেস্ট, ৫টি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬টি পিভিসি সার্কিট, ৪ ড্রাম রাসায়নিক দ্রব্য ও ১টি অ্যান্টিমাইন উদ্ধার করা হয়েছে। এখনো পুরো এলাকা ঘেরাও করে রেখেছে র্যাব। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অভিযান শেষ হওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে।
র্যাব-৬-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল সোমবার রাতে সেলিম হোসেন (৪০) ও প্রান্ত বিশ্বাস (১৭) নামের দুই ব্যক্তিকে ওই গ্রামের ওহাব বিশ্বাসের বাড়ির পাশ থেকে আটক করে র্যাব। তাঁরা দুজন নব্য জেএমবির সদস্য। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা গ্রামে অভিযানে নামে র্যাব।
মেজর মনির আহম্মেদ জানান, মঙ্গলবার সকাল সাতটা থেকে চুয়াডাঙ্গা গ্রামে অভিযান শুরু হয়। প্রথমে প্রান্ত বিশ্বাসের বাড়ির পাশের বাঁশবাগানের ভেতর থেকে দুটি সুইসাইড ভেস্ট ও সেলিমের বাড়ির পাশে মাটির নিচে থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। দুপুরের পর আরও তিনটি স্পটে অভিযান চালিয়ে ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬টি বৈদ্যুতিক সার্কিট, চার ড্রাম রাসায়নিক দ্রব্য উদ্ধার করে র্যাব। সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও অভিযান চালানো হবে।
আটক সেলিম হোসেনের ভাই তুহিন ৭ মে জেলার মহেশপুরের বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানকালে নিহত হন।