ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার বেলা দুইটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়ায় এ দুর্ঘটনায় তিনজন আহত হন। এ ছাড়া কুমিল্লার দাউদকান্দি ও টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
ঝিনাইদহে নিহত ব্যক্তিরা হলেন লাউদিয়া গ্রামের মাহবুব হোসেন (৪০), হাজেরা খাতুন (২৩), যশোরের বসুন্দিয়া এলাকার আসলাম হোসেন (৩২), আয়েশা খাতুন (২৪) ও অজ্ঞাত এক যুবক (২৫)। আহত যাত্রীদের মধ্যে শিশু ইলমা খাতুনের (৫) অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আহত অন্য দুজন হলেন সোহেল (২৫) ও আল-মামুন (২০)। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। আহত লোকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।’
এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের চাপায় এক নারী প্রাণ হারান। নিহত তাছলিমা আক্তার (৩২) কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগমারা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাছলিমাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপর দুর্ঘটনাটি সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এক চালকের সহকারী নিহত হন। নিহত আবদুল মান্নানের (২৩) গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বলেন, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকের আংশিক ক্ষতি হয়। পরে উত্তরবঙ্গগামী ট্রাক চালকের সহকারী আবদুল মান্নান গাড়ি থেকে নেমে চাকা দেখছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মান্নান নিহত হন।