ঝিনাইদহে তিন-চার টাকা কেজিতে বেগুন বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শরিফুল ইসলাম প্রায় ৪৫ হাজার টাকা ব্যয়ে এক বিঘা জমিতে বেগুনের চাষ করেছিলেন। আশা ছিল, এ বছর লক্ষাধিক টাকার বেগুন বিক্রি করতে পারবেন। খেতের বেগুনগাছে ফলনও ছিল বেশি। কিন্তু হঠাৎ বেগুনের দাম কমে যাওয়ায় তাঁর সব আশা শেষ হয়ে গেছে। দুই সপ্তাহ ধরে তিনি ১২০ থেকে ১৫০ টাকা মণ (তিন-চার টাকা কেজি) দরে বেগুন বিক্রি করছেন।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার ওই কৃষক জানান, গত ১০ বছরে বেগুনের এত কম দাম তিনি দেখেননি। এই দামে বেগুন বিক্রি করে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে খুচরা বাজারে ছয় থেকে আট টাকা অর্থাৎ, প্রায় দ্বিগুণ দামে বেগুন বিক্রি হচ্ছে বলে জানা গেছে।শরিফুলের মতো এমন অবস্থা ঝিনাইদহের কয়েক হাজার কৃষকের। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী, এ জেলায় কমপক্ষে ৫০ হাজার বিঘা জমিতে বেগুনের চাষ হয়ে থাকে। সবচেয়ে বেশি সবজির চাষ হয় কালীগঞ্জে। এর শতকরা ১০ ভাগই বেগুন।শৈলকুপা উপজেলার চড়ুয়ারবিল গ্রামের কৃষক ইউনুস আলী জানান, তিনি এক বিঘা জমিতে বেগুনের চাষ করেছিলেন। দেড় মাস ধরে বেগুন বিক্রি করছেন। এখনো দেড় মাস বিক্রি করতে পারবেন। প্রতি সপ্তাহে তাঁর ১৮ থেকে ২০ মণ বেগুন ওঠে। তিনি বলেন, যেখানে ৫০০-৬০০ টাকা মণ দরে বেগুন বিক্রি করেছেন, সেখানে এখন ১২০ থেকে ১৫০ টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।ঝিনাইদহ কৃষি বিভাগের উপপরিচালক খোন্দকার সিরাজুল করিম বলেন, বর্তমানে বাজারে গ্রীষ্মকালীন সবজির আমদানি বেশি। তাই বেগুনের দাম পড়ে গেছে। তবে এ বছর দাম কমেছে বেশি।