ঝিনাইদহে তিন মামলায় জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে মানহানির তিনটি মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক আজাদ রহমান ও কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিক সুব্রত সরকার। সম্পাদক মতিউর রহমানকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সম্পাদক মতিউর রহমানসহ তিনজন ঝিনাইদহ বিচারিক হাকিম সাজেদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
প্রথম আলোয় গত ২৭ মে ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় প্রথম আলোর সম্পাদকের নামে ৮টি, প্রতিবেদক আজাদ রহমানের নামে ১২টি এবং স্থানীয় একটি পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি সুব্রত সরকারের নামে ১১টি মামলা দায়ের করা হয়। সম্পাদক মতিউর রহমান এর আগে গত ২৫ আগস্ট পাঁচটি মামলায় জামিন পান। আদালত বাকি তিনটিতে গতকাল তাঁকে জামিন দিলেন। এ ছাড়া প্রেস কাউন্সিলে তাঁর নামে আরেকটি মামলা রয়েছে।
প্রথম আলোর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী একরামুল আলম, আমিনুল ইসলাম ও শফিকুর রহমান। সম্পাদক মতিউর রহমান আদালতে হাজির হওয়ার সময় স্থানীয় সাংবাদিকেরা সেখানে উপস্থিত হন। পরে দুপুরে তিনি ঝিনাইদহ প্রেসক্লাবে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে এক চা-চক্রে অংশ নেন তিনি।