ঝিনাইদহে দুই ছাত্র, ফরিদপুরে ঠিকাদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলায় গতকাল শুক্রবার ট্রাকের চাপায় দুই ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও সাতটি গাড়ি ভাঙচুর করেছে। একই দিন ফরিদপুরে পিকআপের চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন।ঝিনাইদহে নিহত দুই ছাত্র হলেন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে সাধিনুর রহমান (২৬) ও খামারমুন্দিয়া গ্রামের আবদুর রাজ্জাক মণ্ডলের ছেলে মিলন হোসেন (২৭)। তাঁরা উচ্চমাধ্যমিক পাস করার পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কম্পিউটারের বেসিক কোর্সে লেখাপড়া করতেন। শুক্রবার তাঁরা পরীক্ষা দেওয়ার জন্য ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন।নিহত এক ছাত্রের আত্মীয় ফিরোজ আহম্মেদ জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সাধিনুর রহমান ও মিলন হোসেন কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ-যশোর মহাসড়ক দিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। ওই সড়কের বিষয়খালী বাজার-সংলগ্ন কড়াইতলা এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা একটি যাত্রীবাহী বাস, কয়েকটি ট্রাকসহ সাতটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তা থেকে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে জনতা পুলিশের ওপর হামলা চালায়।পরে ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করলে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। ইকবাল বাহার চৌধুরী জানান, অল্প বয়সের দুটি ছেলে মারা যাওয়ায় সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত। বাসটি আটক করা হয়েছে।ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির মুসলিম মিশনের সামনে গতকাল সকাল ছয়টার দিকে ঢাকাগামী একটি পিকআপ একটি মোটরসাইকেলকে চাপা দেয়।এতে মোটরসাইকেলের আরোহী ঠিকাদার জাহাঙ্গীর মাতুব্বর (৩৫) মারা যান। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ি সড়কের নতুন বাজার এলাকার রোকন মাতুব্বরের ছেলে।