ঝিনাইদহে ধর্ষণ ও হত্যার দায়ে দুই তরুণের ফাঁসির আদেশ হয়েছে। দণ্ড পাওয়া তরুণেরা হচ্ছেন: মহেশপুর উপজেলার কুড়িপোল গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২২) ও আবদুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৩)। এ ছাড়া তাঁদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জেলা ও দায়রা জজ এ কে এম আবদুল মান্নান খান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, মহেশপুর উপজেলার কুড়িপোল গ্রামের তোরাব আলীর মেয়ে লাটিমা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আল্পনা খাতুন (১৩) ২০০৮ সালের ২৬ জুন দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি জামগাছের তলায় জাম কুড়াচ্ছিল। এ সময় একই গ্রামের সাইফুল ও আরিফ তাকে ধরে পাশের পাটখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে তাঁরা আল্পনার চোখ উপড়ে ফেলেন এবং শ্বাস রোধ করে তাকে হত্যা করেন। আল্পনার বাবা ঘটনার পরদিন মহেশপুর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ঘটনার দায় স্বীকার করেন। গতকাল বিচারক রায় দেওয়ার সময় দণ্ড পাওয়া ওই দুই তরুণ আদালতে উপস্থিত ছিলেন।