ঢাকার বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদদের পর এবার গুমের তালিকায় যুক্ত হলেন ঝিনাইদহের দুই ভাই। ৩৩ দিনের ব্যবধানে তাঁদের দুজনকে কোটচাঁদপুর উপজেলা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবার।
নিখোঁজ দুজন হলেন মাসুদুর রহমান (২৪) ও মাসুম বিল্লাহ (১৭)। দুজনের বাড়ি কুশনা ইউনিয়নের হরিন্দিয়া গ্রামে। তাঁরা পরস্পর চাচাতো ভাই। পরিবারের পক্ষ থেকে বলা হয়, দুজন কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
গত ২২ আগস্ট থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকা থেকে ১৩ জন নিখোঁজ হন। তাঁদের স্বজনদের অভিযোগ, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের তুলে নিয়েছে। এর মধ্যে ব্যবসায়ী অনিরুদ্ধ রায়সহ তিনজন পরে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। গত সোমবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঝিনাইদহের কোটচাঁদপুরের স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, গত ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে হরিন্দিয়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে মাসুদুর গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটি কালো রঙের মাইক্রোবাসে তিনজন লোক মাসুদুরের সামনে গাড়ি থামায়। তারা মোবাইল ফোন কোম্পানির লোক হিসেবে পরিচয় দেয়। তারা মোবাইল ফোনের টাওয়ার বসানোর জমি দেখিয়ে দেওয়ার কথা বলে মাসুদুরকে গাড়িতে তুলে নেয়। এরপর মাসুদুরের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাসুদুরের বাবা মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ছেলের খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর দপ্তরে খোঁজ নিয়েছেন। কেউ কোনো খবর দিতে পারেনি। তিনি কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, তাঁর ছেলে কোটচাঁদপুর সরকারি ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র। মাসুদুর কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয়। তাই তাকে কে বা কারা, কেন তুলে নিয়েছে তা বুঝতে পারছেন না।
মাসুদুর নিখোঁজ হওয়ার ৩৩ দিন পর ১৫ নভেম্বর মাসুদুরের চাচাতো ভাই মাসুম বিল্লাহকে তুলে নিয়ে যাওয়া হয়। মাসুম বিল্লাহ একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। মাসুমের বাবা আমিনুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে সাদা মাইক্রোবাসে করে ৫ থেকে ৬ জন লোক তাঁদের বাড়িতে আসে। তারা নিজেদের পরিচয় না দিয়ে ঘরে ঢুকে মাসুম বিল্লাহকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ পাচ্ছেন না।
আমিনুল বলেন, তাঁর ছেলে কোনো রাজনীতি করে না। তার নামে কোনো মামলাও নেই। তারপরও কেন তুলে নিয়ে যাওয়া হলো বুঝে উঠতে পারছেন না। এ ব্যাপারে খোঁজ নিতে তিনি কোটচাঁদপুর থানায় গিয়েছিলেন। পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।