ঝিনাইদহে দুজনসহ তিন জেলায় চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলায় দুজন এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করেছে। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় খুলনার ফুলতলা উপজেলায় এক তরুণ খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠ থেকে গতকাল সন্ত্রাসী উজ্জ্বল বাহিনীর প্রধান উজ্জ্বল হোসেন (৩২) ও তাঁর সহযোগী আসাদুল ইসলামের (৩১) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের বাড়ি সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে।
এলাকাবাসী জানান, সকালে ওই স্থানে লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁদের শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উজ্জ্বলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আসাদুল তাঁর সহযোগী ছিলেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের একটি পাটখেত থেকে গতকাল নজরুল ইসলাম (৩২) নামের এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নজরুল রাজবাড়ীর কালুখালী উপজেলার মাদপুর গ্রামের সজীর উদ্দীনের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ওই স্থানে কৃষকেরা লাশটি দেখে পুলিশে খবর দেন। নজরুল ইসলামের শ্যালক জহুরুল ইসলাম বলেন, মঙ্গলবার নিখোঁজ হন নজরুল। লাশ উদ্ধারের খবর শুনে গতকাল দুপুরে শ্যামপুরে ছুটে এসে লাশের হাতে ও পায়ের দাগ দেখে তিনি লাশটি নজরুলের বলে শনাক্ত করেন।
খুলনা: জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে সোহেল সরদার (২৩) নামের এক তরুণকে গত মঙ্গলবার হত্যা করেছে দুর্বৃত্তরা। সোহেল ওই গ্রামের আবদুস সালাম সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর দামোদর রেলস্টেশন এলাকায় সোহেল তাঁর চাচাতো ভাই জসিমসহ অন্য বন্ধুদের নিয়ে গল্প করছিলেন। এ সময় সোহেলের মুঠোফোনে একটি কল এলে তিনি সেখান থেকে উঠে যান। পরে পার্শ্ববতী সোলাকুল মাঠের পাশে সোহেলকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে ফুলতলা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোহেলের বাঁ পায়ের রগ এবং হাতের আঙুল কাটা ছিল। ফুলতলা থানার ওসি ইমদাদ হোসেন বলেন, সোহেল সম্প্রতি গাড়ি ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।