ঝিনাইদহে দুটি কাঁচা সড়কে কাদা, জনদুর্ভোগ চরমে
বর্ষা মৌসুমে ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের দুটি কাঁচা সড়কে কাদা থিকথিক করে। এ কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গ্রামের বাসিন্দাদের এই কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। কেউ অসুস্থ হলে কোলে করে এই কাদায় ভরা পথ পার করতে হয়। কাদার যন্ত্রণায় স্থানীয় বাজারের অনেক ব্যবসায়ী এই গ্রামে তাঁদের বাড়ি ফেরেন না।
নাটাবাড়িয়া গ্রামে অন্তত আড়াই হাজার মানুষের বসবাস। গ্রামের অর্ধেক লোক ব্যবসাপাতি করেন। অন্যরা করেন কৃষিকাজ। হাতে গোনা কয়েকজন চাকরিজীবী রয়েছেন।
১২ জুলাই সরেজমিনে দেখা গেছে, গ্রামে দুটি কাঁচা রাস্তা রয়েছে। একটি রাস্তা গেছে পশ্চিম পাড়া, অন্যটি পুব পাড়া। পশ্চিম পাড়ার রাস্তাটি নবগঙ্গা নদীর পাড়ে গিয়ে শেষ হয়েছে। পুব পাড়ার রাস্তাটি রাধাকান্তপুর হয়ে আঠারোমাইল নামক স্থানে মিশেছে। বর্তমানে রাধাকান্তপুর গ্রামের অনেক বাসিন্দা কাদার কারণে আঠারোমাইল হয়ে পাঁচ কিলোমিটার ঘুরে স্থানীয় হলিধানী বাজারে যান। অথচ নাটাবাড়িয়া হয়ে যেতে এই দূরত্ব মাত্র দুই কিলোমিটার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্তমানে আঠারোমাইল থেকে রাধাকান্তপুর পর্যন্ত রাস্তাটি পাকা হয়েছে। হলিধানী বাজার থেকে নাটাবাড়িয়া গ্রামের কিছুদূর পিচ হয়েছে। কিন্তু পশ্চিম পাড়ায় যেতে রাস্তাটি দেড় কিলোমিটার আর পুব পাড়া দিয়ে যাওয়া রাস্তাটি রাধাকান্তপুর পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা। এই কাঁচা সড়ক ব্যবসা-বাণিজ্য ও এলাকার মানুষের জীবন-জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা দুটি দিয়ে লোকজন বা যানবাহন চলাচল করতে পারে না। তাঁদের গ্রামের আসাদুল ইসলাম নামের ছয় বছরের এক শিশু অসুস্থ হলে তার মা তাকে কোলে করে হাসপাতালে নিয়ে যান। আর বাদশা নামের এক ব্যক্তি তাঁর অসুস্থ স্ত্রীকে কোলে করে হাসপাতালে নেন।
নাটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, বিদ্যালয়টি গ্রামের মাঝামাঝি স্থানে। ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু বর্ষার সময় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি ৩০ শতাংশ কমে যায়।
হলিধানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রশীদ মিয়া বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এই গ্রামের রাস্তা পাকা করার জন্য চেষ্টা করছেন। আশা করছেন, পুব পাড়ার রাস্তাটি শিগগিরই পাকা করা হবে। পশ্চিম পাড়ার রাস্তাটির জন্য চেষ্টা অব্যাহত আছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, রাস্তাটির শুরুর অংশে কিছুটা পাকা হয়েছে। তিনি আশা করেন, বাকি অংশও শিগগিরই পাকা করা হবে।