ঝিনাইদহে দুটি লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা ও দেহ পাওয়া গেছে। কালীগঞ্জ উপজেলায় উদ্ধার করা হয়েছে মহসীন আলী নামের এক পোলট্রি ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আজ সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের আমিরুল ইসলাম ডাক্তারের দোকানের পেছনে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে একটি মাথা পাওয়া যায়। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে। পরে ওই ঘটনাস্থল থেকে পাঁচ-ছয় শ গজ দূরে দুঃখি মাহমুদ কলেজের পেছনের মেহগনি বাগান থেকে মাথাবিহীন দেহ উদ্ধার হয়। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনাস্থলে ফেনসিডিলের বোতল পাওয়া গেছে। তাঁরা ধারণা করছেন, বন্ধুদের মধ্যে কোনো বিরোধে এই ঘটনা ঘটে।
কালীগঞ্জের মেগুরখিদ্দা গ্রামে মহসিন আলী নিজ বাড়িসংলগ্ন পোলট্রি খামারে রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির লোকজন খামারে ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে রেখে গেছে। হত্যার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।