
থেমে থেমে এক সপ্তাহের বৃষ্টিতে ঝিনাইদহের পাঁচ উপজেলার প্রায় ২০০ হেক্টর জমির ফুল গাছ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় হাজার ফুলচাষি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার কালীগঞ্জ উপজেলার ফুলচাষিরা।
কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় এবার ২৬৫ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। জেলায় প্রায় ২ হাজার ২০০ ফুলচাষি আছেন। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৮৫ হেক্টর, সদর উপজেলায় ৬৫ হেক্টর, হরিণাকুণ্ডুতে ৩০ হেক্টর, মহেশপুরে ৪৫ হেক্টর ও কোটচাঁদপুরে ৪০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। গাঁদা, রজনীগন্ধাসহ বিভিন্ন জাতের ফুল চাষ হয় এ অঞ্চলে।
১৫ জুলাই থেকে এ অঞ্চলে বৃষ্টি শুরু হয়, যা থেমে থেমে চলে ২১ জুলাই পর্যন্ত। এই এক সপ্তাহের বৃষ্টিতে ফুলবাগানের ব্যাপক ক্ষতি হয়।
সরেজমিনে বালিয়াডাঙ্গা ও ঘিঘাটি গ্রামে দেখা যায়, জমিতে গাছের গোড়ায় পানি জমে আছে। ফুল এসেছে এমন অনেক গাছ মারা যেতে শুরু করেছে। অনেক গাছ মারাও গেছে।
কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের ফুলচাষি আলমগীর হোসেন বলেন, তিনি পাঁচ বিঘা জমিতে ফুল চাষ করেছেন। যার বেশির ভাগই গাঁদা ফুল। প্রতি বিঘা জমিতে ফুল চাষে পরিচর্যা, কীটনাশক প্রয়োগ, ফুল তুলে মালা তৈরি করে বাজারে সরবরাহসহ অন্যান্য খরচ মিলিয়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাগে।
আর এভাবে বিক্রি করে পাওয়া যায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। কিন্তু এই বৃষ্টিতে তাঁর জমির ৯০ শতাংশ গাছ মারা গেছে। লাগাতার বৃষ্টিতে জমিতে পানি আটকে থাকায় গাছ মারা যাচ্ছে।
ঘিঘাটি গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, তাঁর তিন বিঘা জমির ফুল গাছ নষ্ট হয়ে গেছে। বৃষ্টির আগেও প্রতিদিন ফুল পাচ্ছিলেন তিনি। যা দিয়ে ঝোপা তৈরি করে বাজারে বিক্রি করছিলেন।
আবদুর রাজ্জাক জানান, ৪০ থেকে ৫০টি ফুল দিয়ে তৈরি হয় একটি মালা। আর ২০টি মালা দিয়ে হয় একটি ঝোপা। এই ঝোপা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছিল।
কালীগঞ্জ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মতিয়ার রহমান বলেন, অনেক চাষি এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধারদেনা করে ফুল চাষ করেন। বৃষ্টির কারণে এবার তাঁদের পথে বসতে হবে। বেশির ভাগ ফুলচাষির আবাদের খরচই উঠবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক শাহ আকরামুল হক বলেন, ফুলচাষিরা যে সময় তাঁদের ফুল বিক্রি করেন, সেই সময় মারাত্মক ক্ষতি হয়েছে। তবে দ্রুত পানি নেমে গেলে আবারও তাঁরা চাষ করতে পারবেন। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা সেভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।