ঝিনাইদহে দেড় হাজার কলাগাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা কৃষক আলী আহম্মদের প্রায় এক হাজার ৪০০ কলাগাছ ও আড়াই শ মেহগনিগাছ কেটে ফেলে রেখে গেছে। গাছগুলোর পেছনে তাঁর খরচ হয়েছিল দেড় লাখ টাকা। আলী আহম্মদের ছেলে রেজাউল করিম জানান, শনিবার সকালে এক ব্যক্তির কাছে খবর পেয়ে গিয়ে দেখেন, কে বা কারা মাত্র কয়েকটি গাছ রেখে সবগুলো কলা ও মেহগনিগাছ কেটে ফেলেছে। তিনি বলেন, তাঁদের কোনো শত্রু আছে বলেও তাঁর জানা নেই। তিনি এ ব্যাপারে স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন। রেজাউল আরও জানান, তাঁরা পাঁচ মাস আগে গ্রামে পাঁচ বিঘা জমিতে এক হাজার ৪০০ কলাগাছ ও আড়াই শ মেহগনিগাছ লাগান। পরিচর্যা করে গাছগুলো বড় করে তুলেছিলেন। ইতিমধ্যে কলাগাছে কলা ধরেছিল। আর মেহগনিগাছগুলোও বড় হচ্ছিল। তাঁদের আশা ছিল, আর দুই মাস পর কলা বিক্রি করেই প্রায় পাঁচ লাখ টাকা পাবেন।