ঝিনাইদহে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত
ঝিনাইদহে নতুন করে একজন স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হলো ১৩।
আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন অফিস কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার একজন, শৈলকূপার ২ জন এবং হরিণাকুণ্ডের একজন।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় থেকে সকালে ৪০ জনের নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা হলো ১৩।
ঝিনাইদহে ২৫ এপ্রিল প্রথমবারের মতো দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ, বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। আক্রান্ত নারীর বাড়ি সদর উপজেলায় আর পুরুষ রোগীটির বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলায়। তাঁরা দুজনই সম্প্রতি অন্য জেলা থেকে ঝিনাইদহে আসেন।