ঝিনাইদহে নাসিমা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের ছাত্রী নাসিমা খাতুন (১৯) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের খালিশপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নাসিমা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুপদাহ গ্রামের আবুল কাশেমের মেয়ে। নাসিমার মা ফিরোজা খাতুন জানান, নিধিকুণ্ডু দাখিল মাদ্রাসায় পড়ালেখার সময় সহপাঠী নিধিকুণ্ডু গ্রামের হাসান খাঁর সঙ্গে নাসিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পড়ালেখা শেষ হওয়ার পর নাসিমা হাসানকে বিয়ে করতে চেয়েছিল। গত বছরের দাখিল পরীক্ষায় নাসিমা জিপিএ-৫ পেয়েছে। এরপর নাসিমা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজে ভর্তি হয়। সে (নাসিমা) কলেজের পাশে খালিশপুর এলাকার একটি মেসে থাকত।ফিরোজা খাতুন অভিযোগ করেন, হাসানের পরিবার নাসিমাকে মেনে নিতে চায়নি। তাই তারা নাসিমাকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী হাসানসহ কয়েকজন ৩ মার্চ বিকেলে মিথ্যা কথা বলে নাসিমাকে মেস থেকে ডেকে নিয়ে যায়। হাসান, তার কয়েক বন্ধু ও তার পরিবারের সদস্যরা একটি বাড়িতে আটকে রেখে নাসিমাকে হত্যা করে লাশ একটি ভুট্টাখেতে ফেলে রাখে। পর দিন পুলিশ নাসিমার লাশ উদ্ধার করে। নাসিমার বাবা আবুল কাশেম জানান, লাশ উদ্ধারের পরই তিনি জীবননগর থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। অবশেষে ৮ মার্চ আদালতের নির্দেশে পুলিশ মামলা নেয়। জীবননগর থানার ওসি নাসিরুল আলম জানান, মামলা তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলায় হাসানসহ যে নয়জনকে আসামি করা হয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। ইতিপূর্বে মামলা রেকর্ডের ক্ষেত্রে অনিহা প্রকাশের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক ছিল।পলাতক থাকায় হাসান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।