ঝিনাইদহে পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল বুধবার ঝিনাইদহের ছয়টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় সনাতন পদ্ধতির পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। জরিমানা করা হয়েছে মোট ৭ লাখ ৬০ হাজার টাকা।
পরিবেশ অধিদপ্তরের যশোর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, তাঁরা শৈলকুপা উপজেলার চারটি, কালীগঞ্জের একটি ও ঝিনাইদহ সদরের একটি ইটভাটায় অভিযান চালান। অভিযানের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরে খুলনা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অভিযানে সহায়তা করেন ঝিনাইদহ পুলিশের সদস্যরা।
অভিযানকালে শৈলকুপার ইটভাটা আরএমবি ব্রিকসকে শুধু ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার মনির ব্রিকসকে ১ লাখ, বাবুল অ্যান্ড কামাল ব্রিকসকে ১ লাখ ও রাহুল ব্রিকসকে ৩ লাখ জরিমানা করা হয়েছে। আর ঝিনাইদহ সদরের সততা ব্রিকসকে ৬০ হাজার এবং কালীগঞ্জের এএসবিএম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ ব্যারেল (ড্রাম) চিমনি ব্যবহার করে এসব ভাটায় ইট পোড়াচ্ছিল মালিকপক্ষ।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, আইন অনুযায়ী ড্রাম চিমনি দিয়ে ভাটা তৈরি ও ইট পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ ধরনের ভাটা যেখানেই পাওয়া যাবে, তা গুঁড়িয়ে দেওয়া হবে। পর্যায়ক্রমে সব এলাকায় অভিযান চলবে বলে উল্লেখ করেন তিনি।