ঝিনাইদহে পান বিক্রেতাকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কালীশংকরপুর গ্রামে গতকাল সোমবার সকালে রেজাউল ইসলাম (৪৫) নামের এক পান বিক্রেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। নিহত রেজাউলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার লক্ষ্মীপুর বাজারে পান বিক্রি শেষে রেজাউল গতকাল সকাল ১০টার দিকে বাইসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে কালীশংকরপুর গ্রামে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে সাইকেল থেকে নামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নদীর ধারে বাঁশবাগানের কাছে নিয়ে যায়। সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, নিহত রেজাউল একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি সংগঠন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। শত্রুতার জেরে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।