ঝিনাইদহে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরে গতকাল সোমবার এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম মো. সামসুজ্জোহা। তিনি সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এইচ এস এস সড়কের পাশে স্তূপ করে এক ব্যক্তি প্রতিদিন কাঁঠালপাতা বিক্রি করেন। গতকাল ভোরে পথচারীরা কাঁঠালপাতার স্তূপের মধ্যে পুলিশের পোশাক পরা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা বিষয়টি সদর থানায় জানালে সকাল আটটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশটি সামসুজ্জোহার বলে শনাক্ত করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।থানার সূত্রে জানা গেছে, সামসুজ্জোহার বাড়ি মেহেরপুর জেলায়। তিনি পরিবার নিয়ে শহরের আদর্শপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সামসুজ্জোহা রাতভর দায়িত্ব পালন শেষে ভোরে অস্ত্র জমা দিয়ে থানা থেকে বাসার দিকে রওনা হন। এরপর সকাল আটটার দিকে তাঁর লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, মৃতদেহটি তাঁরা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়েছিলেন। সেখানে চিকিৎসকেরা জানিয়েছেন, হূদেরাগে তাঁর মৃত্যু হয়েছে। এ কারণে তাঁরা লাশের ময়নাতদন্ত করেননি। এ ব্যাপারে কোনো মামলাও হয়নি।ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) রাশেদ আল মামুন বলেছেন, মৃতের পরিবারের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার বিবরণ শুনে এবং প্রাথমিক পরীক্ষা করে তাঁরা বুঝতে পেরেছেন, হূদেরাগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।