ঝিনাইদহে পুলিশের সঙ্গে গোলাগুলি, দুজন নিহত
ঝিনাইদহের টিকারী গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শাহ আলম (২৮) ও আরিফ হোসেন (২৪)।
গত শনিবার রাত আটটার দিকে টিকারী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত নয়জন আহত হন। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আরিফ হোসেন নিহত হন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে শাহ আলম মাগুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহ আলম টিকারী গ্রামের ইব্রাহিম হওলাদারের ছেলে।
গ্রামের কয়েকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার বিকেলে টিকারী বাজারে স্থানীয় ফুরসন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শিকদারের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা আবদুল মালেক পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল ইসলাম নামের একজন শহিদুল ইসলাম শিকদারের এক সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরের ওপর হামলার আশঙ্কায় সশস্ত্র অবস্থান নেয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাত আটটার দিকে পুলিশের একটি দল টিকারী গ্রামের মাঝপাড়ায় যায়। সেখানে ওত পেতে থাকা একটি পক্ষ প্রতিপক্ষ ভেবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আরিফ হোসেন নামের একজন নিহত হন। আহত হন দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন। গুরুতর আহত শাহ আলমকে রাতেই মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শরিফুল শিকদার, সাহেব আলী, আলমগীর হোসেন, আবদুস সামাদ, ওয়াসিম হোসেনসহ অন্যরা। গ্রামের কয়েকজন জানান, ভয়ে টিকারী গ্রামের পুরুষেরা পালিয়ে গেছেন। গোটা এলাকায় নতুন করে সংঘর্ষের আতঙ্ক বিরাজ করছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামে পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আরেকজন মাগুরা হাসপাতালে মারা গেছেন বলে খবর পেয়েছেন।