ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন (৫২) ও পারুলা রানী (৪৫) নামের দুই নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার পানামী গ্রামে ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানী বাজারে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া খাতুন সদর উপজেলার পানামী গ্রামের হাবিবুর রহমান মণ্ডলের স্ত্রী ও পারুলা রানী একই উপজেলার বাদপুকুরিয়া গ্রামের সুবল কুমারের স্ত্রী।
গ্রামবাসী বলেন, গতকাল সকালে পানামী গ্রাম থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আছিয়া খাতুন। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন তিনি। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করার পর বিকেলে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে ফায়ার সার্ভিস ঝিনাইদহের স্টেশন কর্মকর্তা আত্তাবী আলম বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে হলিধানী বাজারের কাছে পথচারী পারুলা রানীকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পারুলাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।