ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলররা তাঁদের জন্য ‘বৈষম্যমূলক’ মাসিক সম্মানী ভাতা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছেন। সময়োপযোগী সম্মানী নির্ধারণসহ আট দফা দাবিতে তাঁরা গতকাল সোমবার পৌরসভার কর্মকাণ্ড বর্জন করেন।
কাউন্সিলররা সকাল নয়টা থেকে দিনব্যাপী এই কর্মবিরতি পালন করেন। পৌরসভা চত্বরে কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন প্যানেল মেয়র আবদুল মতলেব মিয়া, কাউন্সিলর সাইফুল ইসলাম, ফারহানা রেজা, জাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুর রাজ্জাক, মহিউদ্দিন, গোলাম মোস্তফা, বুলবুলি খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি কাউন্সিলরদের জন্য মাসিক সম্মানী ৮ হাজার টাকা নির্ধারণ করেছে। এটি কাউন্সিলরদের জন্য অসম্মানজনক ও বৈষম্যমূলক।
কাউন্সিলরদের আট দফা দাবির মধ্যে রয়েছে, তাঁদের জন্য সময়োপযোগী মাসিক সম্মানী নির্ধারণ, বেতন-ভাতা রাজস্ব তহবিল থেকে প্রদান, পৌর কাউন্সিলরদের পদমর্যাদা নির্ধারণ, পরিচয়পত্র প্রদান, মেয়রদের ন্যায় কাউন্সিলরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং পৌরসভার নির্বাচনপদ্ধতিতে পরিবর্তন আনা।
দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে ৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন কাউন্সিলররা।