ঝিনাইদহে ফটকের ছাদ ধসে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর বয়সের দুই বান্ধবী পড়ালেখা করত প্রথম শ্রেণিতে। খেলাধুলাও করত একসঙ্গে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন একটি বাড়ির প্রধান ফটকের সদ্য ঢালাই দেওয়া ছাদের ওপর খেলা করছিল তারা। হঠাৎ ছাদটি ধসে পড়লে মারা যায় শিশু দুটি।
নিহত দুই শিশু হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের মিলন হোসেনের মেয়ে চাঁদনী ও আকালে মণ্ডলের মেয়ে নিশি। পাশাপাশি বাড়ি এই দুই বান্ধবীর।
প্রতিবেশী তোতা মিয়া বলেন, দুটি শিশু সব সময় একসঙ্গে চলাফেরা করত। স্কুলেও যেত একসঙ্গে। মঙ্গলবার বিকেল চারটার দিকে সবার অজান্তে তারা দুজন পার্শ্ববর্তী আবদুল আজিজের বাড়ির ফটকের ছাদে উঠে পড়ে। সাত-আট দিন আগে ওই ছাদ ঢালাই দেওয়া হয়েছিল। তিনি বলেন, শিশু দুটি খেলাধুলার একপর্যায়ে ছাদ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে নিশি আর কালীগঞ্জ শহরের একটি ক্লিনিকে নেওয়ার পর মারা যায় চাঁদনী।
চাঁদনীর বাবা মিলন হোসেন বলেন, তাঁর প্রতিবেশীর ওই বাড়ির ফটকের ছাদে কখন শিশুরা উঠেছে তা কেউ বুঝতে পারেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।