ঝিনাইদহে ফুলের বাজারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলের বাজারে ধস নামায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঝিনাইদহের ফুলনগরীর হাজার হাজার চাষি। এক ঝোপা ফুল (২০টি মালা) বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। অথচ ১৫ দিন আগে বিক্রি হতো ৩০০ টাকায়। এ অবস্থায় উৎপাদন খরচ না ওঠায় চাষিরা ফুল তুলে ফেলছেন।কৃষকেরা জানিয়েছেন, উৎপাদন বৃদ্ধি ও চাহিদা কম হওয়ায় হঠাৎ ফুলের দাম পড়ে গেছে। তবে সামনে ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দাম বাড়ার আশা করছেন তাঁরা। ফুল ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, প্রতিদিন ঝিনাইদহের বিভিন্ন এলাকার মাঠ থেকে আনুমানিক পাঁচ হাজার ঝোপা ফুল রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। যশোরের গদখালীর পর ঝিনাইদহ ফুলের বড় বাজার।ফুলনগরী হিসেবে খ্যাত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গায় গিয়ে দেখা যায়, হলুদ ও বাসন্তি রংয়ের গাঁদা ফুলে মাঠের পর মাঠ রঙিন হয়ে আছে। দাম ভালো না পাওয়ায় ফুল তুলছেন না চাষিরা, তবে না তুললে যেসব গাছ মরে যেতে পারে, শুধু সেগুলোই তুলে লোকসানের বাজারে বিক্রি করছেন। বালিয়াডাঙ্গা গ্রামের ফুলচাষি কুতুব উদ্দিন জানান, ১২ বছর ফুলের চাষ করছেন তিনি। কিন্তু এত কম মূল্যে কখনো ফুল বিক্রি করতে হয়নি। তিনি আরও জানান, এক বিঘা জমিতে চাষ করে ফুল তোলা পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। আর যা ফুল হয়েছে, তা বর্তমান বাজারে বিক্রি করলে পাওয়া যাবে তিন থেকে চার হাজার টাকা। এরপর রয়েছে পরিবহন খরচ। ফলে লাভের আশায় ফুলের চাষ করে এখন তাকে লোকসান গুনতে হচ্ছে।ঢাকার শাহবাগের ফুল ব্যবসায়ী মিজানুর রহমান জানান, তাঁর আড়ত থেকে প্রতিদিন ২০০ ঝোপা গাঁদা ফুল আর ৫০ থেকে ৬০ কেজি রজনীগন্ধা বিক্রি হয়। বর্তমানে অর্ধেক ফুলও বিক্রি হচ্ছে না। পাশাপাশি বাজারে আমদানি বেশি। তবে ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে দাম বাড়বে বলে জানান তিনি।