ঝিনাইদহে বাস ট্রাকের ৭০টি হাইড্রোলিক হর্ন জব্দ
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে বাস ও ট্রাকের ৭০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
ঝিনাইদহ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বাস ও ট্রাকে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন মানুষের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে হাইড্রোলিক হর্নের শব্দে মানুষের উচ্চ রক্তচাপ, মানসিক ভারসাম্যহীনতা, শিশুদের ও বয়স্কদের নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। এসব সমস্যা প্রতিরোধে বাস-ট্রাকের হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ করতে ঝিনাইদহ শহরের র্যা ব ক্যাম্পের সামনে ও আলহেরা বাইপাস সড়কে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ৪০টি ট্রাক ও ৩০টি বাস থেকে ৭০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় বাস ও ট্রাকচালকদের ভবিষ্যতে এই ক্ষতিকর হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।
সালাহউদ্দিন আরও জানান, অভিযানের প্রথম দিনে বাস-ট্রাকচালকদের শুধু সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে হাউড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ না করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর এ অভিযান অব্যাহত থাকবে।