ঝিনাইদহে বাসের চাপায় কলেজ ছাত্র নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের চাপায় আরিফ হাসান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছে জেএসসি এক পরীক্ষার্থীসহ দুজন।নিহত আরিফ কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বুধবার সকালে আরিফ তাঁর চাচাতো ভাই জেএসসি পরীক্ষার্থী জজ মিয়াকে নিয়ে কালীগঞ্জ শহরের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেলে থাকা লাল চাঁদ (১৫), আরিফ ও জজ মিয়া (১৬) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরিফ মারা যান। উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে যথাক্রমে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।