ঝিনাইদহে বাসের চাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বাসের চাপায় খালিদুর রহমান (১৩) ও মাকছুদুর রহমান (১২) নামের দুজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খালিদুর ও মাকছুদুর সম্পর্কে মামা-ভাগ্নে। তাদের বাড়ি হামদহ এলাকার কাঞ্চনপুরে। স্থানীয় আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল তারা।দুর্ঘটনার পর ক্ষুব্ধ সহপাঠী ও এলাকাবাসী ঝিনাইদহ-যশোর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় ১০-১২টি গাড়ি ভাঙচুর করে তারা। পরে অতিরিক্ত পুলিশ সুপার জুবায়েদুর রহমানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। অবরোধ করে রাখায় ওই সড়কে কয়েক হাজার যাত্রীকে বিপাকে পড়তে হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র বিপ্লব জানায়, সকাল সাড়ে নয়টার দিকে সে স্কুলে যাচ্ছিল। তার সামনেই একটি বাইসাইকেলে ছিল খালিদুর ও মাকছুদুর। হঠাত্ যশোরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস খালিদুর ও মাকছুদুরকে চাপা দেয়।