ঝিনাইদহে বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ পৌরসভার মহিষাকুণ্ডু মহল্লার মনি নামের এক ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মনি জানান, পাঁচ বছর আগে মহল্লায় বাড়ি করে বসবাসের পর থেকে প্রায়ই তাঁর বাড়িতে বাউলদের গানের আসর বসত। মনি অভিযোগ করেন, প্রায়ই গ্রামের কিছু লোক তাঁর বাড়িতে ঢিল ছোড়া, গাছের ফল নষ্টসহ নানাভাবে তাঁর ওপর অত্যাচার করে আসছিল। শুক্রবার রাত নয়টার দিকে গ্রামের মাতবর আলফাজ উদ্দিনের ইন্ধনে গিলাবাড়িয়া গ্রামের বসির উদ্দিন ও কওছার আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। তারা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। যে চৌকিতে বসে বাউলেরা গান করতেন, সেটি ভেঙে ফেলে এবং তাঁর স্ত্রী সলকা দাসকে মারধর করে। সন্ত্রাসীরা তাঁর বাড়িতে যাওয়ার রাস্তার কালভার্টটিও ভেঙে ফেলেছে। মাতবর আলফাজ উদ্দিন জানান, মনি তাঁর জামাতার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাঁর বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ অস্বীকার করে আলফাজ বলেন, মনির বাড়িতে কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। তবে গ্রামের বাসিন্দা মিজানুর রহমান জানান, ওই স্থানে বাউলগানের নামে মাদক কেনা-বেচা হয়। এ কারণে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করেছে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক মিরাজুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে ঘটনাস্থলে আগুনে পোড়ার কোনো চিহ্ন তাঁর চোখে পড়েনি।