ঝিনাইদহে বিএনপি নেতা নওশেরকে গুলি করে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা নওশের আলী ওরফে মধু ডাক্তারকে (৫৮) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের একটি বাজার থেকে ফেরার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।গ্রামবাসী জানান, নওশের আলী ভায়না গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি পল্লিচিকিৎসকের কাজের পাশাপাশি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ভায়না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।প্রত্যক্ষদর্শী এক যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান, নওশের আলী বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের কুটিল বাজারে যান। সেখানে একটি চায়ের দোকানে চা খেতে খেতে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন। বাজার থেকে প্রায় ১৫০ গজ দূরে যাওয়ামাত্র সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। নওশের আলী মাথায়, বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে তিনি মারা যান।নিহত নওশের আলী একজন মুক্তিযোদ্ধা। তাঁর স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। এর আগে একবার ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের আটকের দাবি জানিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, তাঁরা এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার শহরে প্রতিবাদ সমাবেশ করবেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।