ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারালো অস্ত্রের আঘাতে আহত ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ গতকাল শুক্রবার মারা গেছেন। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে।শাহজাহান সিরাজের (৪০) বাড়ি উপজেলার বৈডাঙ্গা গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক।শাহজাহান সিরাজের পরিবার সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফেরেন। রাত একটার দিকে প্রতিবেশী পরিচয়ে কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে তাঁকে ঘরের বাইরে আসতে বলে। তিনি ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাঁকে ধরে একটু দূরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এরপর শাহজাহান সিরাজকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরিবারের সদস্যদের দাবি, নির্বাচনে তিনি একজন প্রার্থীর পক্ষে সরাসরি ভূমিকা রাখায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে।এদিকে জেলা বিএনপি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।