ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমাইল হোসেন
ইসমাইল হোসেন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির নেতা ইসমাইল হোসেনকে গতকাল মঙ্গলবার সকালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে৷ এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ গ্রামবাসী৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসমাইলের (৫৮) বাড়ি চাপালী গ্রামে৷ গতকাল সকালে তিনি পৌর শহরের বাড়ি থেকে নিজ গ্রামের বাড়ি যান৷ সেখান থেকে কিছুক্ষণ পর সকাল সাতটার দিকে মোটরসাইকেলে আবার শহরে ফিরছিলেন৷ এ সময় গ্রামের কুটিবাড়ি সেতুর কাছে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে৷ পরে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতলে নেওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷
এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দুপুরে ইসমলাইলের লাশ নিয়ে কালীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেন৷ মিছিল শেষে শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঝিনাইদহ-যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়৷ এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ৷ বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন৷ তাঁরা হুঁশিয়ার করে দিয়ে বলেন, এ সময়ের মধ্যে ইসমাইলের খুনিদের গ্রেপ্তার করা না হলে কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে৷
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ইসমাইলের লাশ গ্রামের বাড়ি নেওয়ার পর উত্তেজিত জনতা একই গ্রামের শাহজাহান আলী ও আতিয়ার রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে৷ এর আগেই বাড়ি দুটির লোকজন পালিয়ে গিয়েছিল৷
ইসমাইল কালীগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন৷ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পর পর দুবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন৷ তিনি ২০০২-০৩ সালে পৌরসভার মেয়রের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন৷ শহরে তাঁর কীটনাশকের ব্যবসা রয়েছে৷
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ মামলার প্রক্রিয়া চলছে৷
ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন৷