
ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেনকে (৪৮) দুর্বৃত্তরা গতকাল সোমবার দুপুরে বোমা হামলা চালিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তিনি হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ার-ম্যান পদেও দায়িত্বরত ছিলেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলাব্যাপী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে হরিণাকুণ্ডু পৌর এলাকায় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বসার এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইউপি কার্যালয়ে কাজ সেরে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম মহারাজপুর রওনা হন আবুল হোসেন। পথে দখলপুর বাজারে সন্ত্রাসীরা বোমা হামলা করলে তিনি রাস্তায় পড়ে যান। তখন কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই কয়েক মুহূর্তের মধ্যে ওই হত্যাকাণ্ড ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ বিএনপি সমর্থকেরা হরিণাকুণ্ডু উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে ও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরে বিজিবি, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে সেই লাশ নিয়ে শহরে মিছিল করেছে বিএনপি সমর্থকেরা।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে আবুল হোসেনকে হত্যা করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শহরে বিজিবি, র্যাব ও পুলিশ টহল দিচ্ছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
আবুল হোসেনের দাফনের পর হত্যা মামলা দায়ের করা হবে বলে পৌর বিএনপি সূত্র জানিয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, আবুল হোসেন পর পর দুইবার দৌলতপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মসিউর রহমান অভিযোগ করেন, বর্তমান আন্দোলন ব্যাহত করতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আবুল হোসেনের মতো একজন জনপ্রিয় নেতাকে হত্যা করেছে। এই হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে বুধবার জেলাব্যাপী হরতাল আহ্বান করা হয়েছে।