ঝিনাইদহে বিএনপির দুই নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম এবং উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ। দুজনই আইনজীবী। গতকাল বৃহস্পতিবার আদালত থেকে একটি মামলায় জামিন নিয়ে বেরিয়ে আসার পর তাঁদের আটক করা হয়।
পুলিশ বলছে, বিএনপির এ দুই নেতা আরও চারটি মামলার সন্দেহভাজন আসামি। তাঁরা দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে বিএনপির দাবি, হয়রানির উদ্দেশ্যে তাঁদের আটক শেষে গ্রেপ্তার দেখায় পুলিশ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম মসিউর রহমান প্রথম আলোকে বলেন, ঝিনাইদহ আদালতে আইন পেশায় নিয়োজিত বিএনপির এ দুই নেতা আবদুল আলিম ও মুন্সি কামাল আজাদ গতকাল আদালতে জামিন নিতে আসেন। তাঁদের দুজনের বিরুদ্ধে একটি করে মামলা ছিল। দুপুরে বিচারক বিশ্বনাথ মণ্ডল তাঁদের জামিন মঞ্জুর করেন। কিন্তু তাঁরা আদালতে এসেছেন খবর পেয়ে ফটকের বাইরে অবস্থান নেয় পুলিশ। বিকেল পাঁচটার দিকে ফটকের বাইরে আসার পর তাঁদের আটক করা হয়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ বলেন, আবদুল আলিম ও মুন্সি কামাল দুজনই আইনজীবী। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েই তাঁরা আদালত থেকে জামিন নিয়ে ফিরছিলেন। আদালত এলাকা থেকে তাঁদের আটক করার এ ঘটনা দুঃখজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আবদুল আলিম ও মুন্সি কামালের বিরুদ্ধে অবরোধ-হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে চারটি মামলা রয়েছে। তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।