ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ভারতে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতা গ্রহণের পর সীমান্তে বিএসএফের গুলিতে এই প্রথম কোনো বাংলাদেশি নিহত হলেন।
নিহত ব্যক্তির নাম রিপন হোসেন (৩০)। বাবা রায়হান উদ্দিন। বাড়ি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রাম।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা কোম্পানির কমান্ডার লে. কর্নেল এস এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। বিষয়টি নিয়ে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।’
বিজিবির ওই কর্মকর্তার ভাষ্য, রিপন গরুর ব্যবসায়ী। তিনিসহ চার-পাঁচজনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। পরে সঙ্গীরা তাঁর লাশ বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন।