ঝিনাইদহে বিজিবি সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘাসের বস্তা তল্লাশি করা নিয়ে বিরোধে গত মঙ্গলবার এক কৃষক ও তাঁর ছেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে কুপিয়ে জখম করেছেন। তাঁর নাম অহিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার বাঘাডাঙ্গা বিওপি ক্যাম্পে কর্মরত। তাঁকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, বাঘাডাঙ্গা গ্রামের নবান মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল (৪৫) মঙ্গলবার দুপুরে সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। ঘাসের বস্তা মাথায় নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় বিজিবির গোয়েন্দা সদস্য ল্যান্স নায়েক অহিদুল ইসলাম মন্টুর মাথায় থাকা ঘাসের বস্তা তল্লাশি করতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। একপর্যায়ে অহিদুল মন্টুকে একটি লাঠি দিয়ে আঘাত করেন। মন্টু বাড়ি ফিরে ঘটনাটি তাঁর ছেলে উজ্জ্বল মণ্ডলকে জানান। এরপর অহিদুল মন্টু মণ্ডলের বাড়ির পাশ দিয়ে ক্যাম্পে ফেরার পথে বাবা-ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অহিদুলকে আহত করেন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে তাঁকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বিজিবির হাবিলদার মহর আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।