ঝিনাইদহে বিল না পেয়ে প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারদের তালা
দুই বছর পরেও বকেয়া বিল না পাওয়ায় ঝিনাইদহে ঠিকাদারেরা গতকাল মঙ্গলবার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
পরে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে ঠিকাদারেরা তালা খুলে দেন। তিন দিন ধরে তাঁরা সওজের স্থানীয় কার্যালয় ও শহরে বিক্ষোভ করছেন।
ঠিকাদার হাকিম আহম্মদ জানান, ২০১১-১২ অর্থবছরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ-শৈলকুপা, ঝিনাইদহ-হরিণাকুণ্ডু, গোপালপুর-মহেশপুর ভায়া তালসার বাজার সড়ক, কালীগঞ্জ-আড়পাড়া সড়ক, ঝিনাইদহ-যশোর মহাসড়কসহ বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সে সময় মেরামতের জন্য মন্ত্রণালয় সামান্য বরাদ্দ দেয়। সে কারণে ওই বরাদ্দ ছাড়াও ৩ কোটি ৪৫ লাখ ৭২ হাজার টাকার অতিরিক্ত কাজ করেন তাঁরা। একইভাবে ২০১২-১৩ অর্থবছরে ঠিকাদারদের দিয়ে ৪ কোটি ৯০ লাখ ৫২ হাজার টাকার অতিরিক্ত কাজ করানো হয়। প্রায় ৫০ জন ঠিকাদার বাকিতে কাজগুলো করেন। কিন্তু গত দুই বছরেও ঠিকাদারেরা ওই বকেয়া টাকা পাননি।
ঠিকাদার অশোক ধর জানান, বেশ কয়েকজন ঠিকাদার আছেন, যাঁরা ব্যাংক ঋণ নিয়ে কাজ করেন। টাকা পরিশোধ করতে না পারায় দিন দিন ব্যাংকের সুদ বেড়ে যাচ্ছে। দ্রুত তাঁদের বকেয়া পরিশোধ না করলে ঠিকাদারেরা কঠোর আন্দোলনে যাবেন বলে হুমকি দেন তিনি।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, তাঁরা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।