ঝিনাইদহে বোমা হামলায় আ.লীগ নেতা আহত
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক (৫৫) বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানা সূত্রে জানা গেছে, শামসুল হক ঝিনাইদহ সদর ধোপাবিলা গ্রামের বাসিন্দা ও কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রোববার রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। রাত ১০টার দিকে শৈলমারী বাজারের কাছে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁর ওপর দুটি বোমা ছুড়ে মারে। বোমার আঘাতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যান। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, গতকাল সোমবার সকাল পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি। বোমা হামলার ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, প্রতিপক্ষ রাজনৈতিক দলের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।