ঝিনাইদহে ভাইবোনের ভাসমান লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার কুশোবাড়িয়া গ্রামের একটি খাল থেকে গতকাল শুক্রবার সকালে দুই শিশু ভাইবোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু দুটির নাম তুসি খাতুন (৬) ও সিয়াম উদ্দিন (৪)। তারা কুশোবাড়িয়া আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের সন্তান। পুলিশের ধারণা, পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে।গ্রামবাসীর ভাষ্যমতে, গত বৃহস্পতিবার দুপুরে পরিচিত এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর সঙ্গে সদরের জিতড়-ভবানীপুর গ্রামের একজনের বাড়িতে মিলাদ মাহফিলে যায় তুসি ও সিয়াম। ওই তরুণীর মতে, মিলাদ শেষে খাওয়াদাওয়া করে তিনি তুসি ও সিয়ামকে বাড়ি ফিরে যেতে বলেন। সন্ধ্যার মধ্যে বাড়ি না ফেরায় দুজনের খোঁজ শুরু করেন পরিবারের লোকজন ও গ্রামবাসী। গতকাল সকাল ছয়টার দিকে কুশোবাড়িয়া গ্রামের খালে দুই শিশুর লাশ ভাসতে দেখে লোকজন। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।শিশু দুটির বাবা সিরাজুল ইসলাম বলেন, তিনি অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কুশোবাড়িয়া আবাসন প্রকল্প এলাকায় থাকেন। তাঁর বড় তিন মেয়ের বিয়ে হয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল সোবহান চৌধুরী বলেন, গ্রামবাসীর কেউ কেউ দাবি করছেন, শিশু দুটিকে হত্যা করা হয়েছে। তবে হত্যার আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খালে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।