ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুমোদনহীন একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় গতকাল বৃহস্পতিবার দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঁদ প্রাইভেট হসপিটাল নামের ওই ক্লিনিকে আমেনা খাতুন (২৮) ও সুফিয়া বেগম (৪৫) নামের দুই রোগীকে ইনজেকশনে ওষুধ দেওয়ার পরপরই তাঁরা মারা যান। এক সেবিকা এ ওষুধ প্রয়োগ করেন। মৃত্যুর এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু লোক ক্লিনিকটিতে ভাঙচুর চালায়। এ সময় ক্লিনিকের মালিক, কর্মকর্তা-কর্মচারী সবাই পালিয়ে যান। রোগীরাও ক্লিনিকটি ছেড়ে চলে গেছে। মৃত আমেনা খাতুন উপজেলার তালসার গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী ও সুফিয়া বেগম ফুলবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।স্থানীয় লোকজন জানান, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে চলতি বছরের ১ জানুয়ারি থেকে একটি ভাড়া বাসার দোতলায় ক্লিনিকটির যাত্রা শুরু। এর কোনো অনুমোদন নেই। নেই সার্বক্ষণিক কোনো ডাক্তার ও যোগ্যতাসম্পন্ন সেবিকা। অথচ প্রতিষ্ঠার পর থেকেই সেখানে রোগী ভর্তি ও অস্ত্রোপচার করা হচ্ছে। দুটি কক্ষে ১১টি শয্যা, একটি অস্ত্রোপচারকক্ষ ও চিকিৎসকের একটি কক্ষ নিয়ে ক্লিনিকটি জোড়াতালি দিয়ে চলছিল। আমেনার স্বামী সোহরাব হোসেন বলেন, গত সোমবার ক্লিনিকটিতে তাঁর স্ত্রীর অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়। গতকাল সকালে একজন সেবিকা এসে তাঁর শরীরে ইনজেকশন দেন। পাশের শয্যায় থাকা অপর অস্ত্রোপচারের রোগী সুফিয়া বেগমের শরীরেও একইভাবে ইনজেকশন দেওয়া হয়। এতে তাঁরা ছটফট করতে থাকেন। কর্তৃপক্ষকে এ ব্যাপারে বলা হলে তাঁরা দেখছেন বলে জানায়। পরে দুজনই মারা যান। তাঁরা মারা যাওয়ার পর ক্লিনিকের লোকজন উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার কথা বলে সুফিয়ার লাশ বাইরে নিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়। একইভাবে আমেনার লাশও বের করে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় থানায় মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।