ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধী মায়ের হাতে শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল সোমবার ১১ মাস বয়সী ছেলেশিশুকে মা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মা নিলুফার ইয়াসমিনকে আটক করেছে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে পুলিশ জানায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার বকেরগাছি গ্রামে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের রমজান আলীর স্ত্রী নিলুফার ইয়াসমিন তাঁর ১১ মাস বয়সী ছেলে ফুয়াদকে ভাত খাওয়াতে রান্নাঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা রান্নাঘরে গিয়ে দেখেন, শিশুটির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। তখন নিলুফার তাঁর শাশুড়িকে জানান, ছেলে ভাত খেতে না চাওয়ায় তিনি বঁটি দিয়ে ওকে জবাই করেছেন। প্রতিবেশীরা জানান, নিলুফার মানসিক প্রতিবন্ধী। তাই তাঁর কাছে শিশুসন্তান দেওয়া হতো না। ওই দিন কৌশলে তিনি ছেলেকে রান্নাঘরে নিয়ে যান।